নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পূজামণ্ডপ পরিদর্শন, অগ্নিঝুঁকি চিহ্নিতকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটির ফায়ার স্টেশনগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।
মহাপরিচালক বলেন, প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অগ্নিনিরাপত্তায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালে সারা দেশে চালু থাকা ৫৩৮টি ফায়ার স্টেশন নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবে।
তিনি জানান, পূজামণ্ডপ পরিদর্শনের সময় অগ্নিঝুঁকি পর্যবেক্ষণ করা হবে এবং ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর ও ১০২ হটলাইন নম্বর প্রচার করা হবে। বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী ফায়ার স্টেশনগুলোও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
মহাপরিচালক আরও বলেন, ফায়ার স্টেশনের পাশাপাশি অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও জোন পর্যায়ের কর্মকর্তারাও দায়িত্ব পালনে প্রস্তুত থাকবেন। তাঁরা পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি জানান, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টা চালু থাকবে।জরুরি সহায়তার অনুরোধ পাওয়া মাত্র ঘটনাস্থলের নিকটবর্তী এক বা একাধিক ফায়ার স্টেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া প্রতিমা বিসর্জনস্থলে জনবল ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সড়ক উদ্ধার সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী রাতের বেলায় লাইটিং ইউনিটও মোতায়েন করা হবে। অধিদপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ফায়ার স্টেশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘সচেতনতাই সুরক্ষা। কাজেই আমরা আমাদের দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।’
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।