Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

তথ্য জানলেই মিলবে সরকারি সেবা, কমবে দুর্নীতি

তথ্য জানলেই মিলবে সরকারি সেবা, কমবে দুর্নীতি
News Banner

তথ্য সম্পর্কে সচেতনতা বাড়লে সরকারি সেবা পাওয়া সহজ হবে, কমবে অনিয়ম-দুর্নীতি, নিশ্চিত হবে সুশাসন। নাগরিকের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব কথা বলেন বক্তারা।

শুক্রবার (১৬ অক্টোবর) সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা তারাগর এলাকায় নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শহীদ মাহবুব আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম।

সভায় তথ্য অধিকার আইন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি দপ্তরের সেবা গ্রহণ এবং নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। সড়ক দুর্ঘটনা, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগে হতাহত ব্যক্তিদের সরকারি আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার নিয়মও তুলে ধরা হয়।

এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড এবং ক্যানসার, হৃদ্‌রোগসহ সাতটি রোগের চিকিৎসায় আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়।হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণের পদ্ধতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি মোবাইল ফোনকে আয়বর্ধন ও দৈনন্দিন সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, তথ্যের চর্চা ও ব্যবহার বাড়লে দুর্নীতির সুযোগ কমবে। সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে না জানায় অনেক মানুষ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আবার এসব সুবিধা পাইয়ে দেওয়ার নামেও ঘটছে নানা অনিয়ম ও দুর্নীতি।

তিনি বলেন, সাধারণ মানুষকে নিজেদের অধিকার ও প্রাপ্য সেবা সম্পর্কে জানতে হবে, অন্যদেরও জানাতে হবে। তথ্য জানা থাকলে মানুষকে ঠকানো বা বিভ্রান্ত করা কঠিন। সচেতনতা বাড়লেই দুর্নীতি কমানো ও সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কবি হাসান শরাফত, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, শহীদ মাহবুবের মা মাহফুজা বেগম, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, আইইডির আইপি ফেলো সুমন্ত বর্মন ও সাংবাদিক হাকিম বাবুল।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং শহীদ মাহবুব আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 73 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 126 টি

মন্তব্য করুন