Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

সীমান্তে পূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি প্রস্তুত

সীমান্তে পূজার নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি প্রস্তুত
News Banner

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরের সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আরও দুই প্লাটুন সদস্যকে রিজার্ভ রাখা হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও মূল্যায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন এবং ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম সমন্বিত করতে প্রযুক্তিনির্ভর ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল, তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে।

৩৯ বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দুর্গাপূজায় জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।পূজামণ্ডপের আশপাশের এলাকাতেও নজরদারি অব্যাহত থাকবে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 67 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন