Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ময়মনসিংহে নদী রক্ষায় ছাত্র-যুব সমাবেশ, দখল-দূষণমুক্ত করার দাবি

ময়মনসিংহে নদী রক্ষায় ছাত্র-যুব সমাবেশ, দখল-দূষণমুক্ত করার দাবি
News Banner

‘No Forests, No Rivers, No Water, No Life’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র, সুতিয়া ও থিরু নদীসহ দেশের সব নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহরের শাপলা স্কয়ারের সামনে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারিকা মোস্তফা পুণ্যের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাব।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলমগীর হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাপা ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল, গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আল আমীন, বাপা ভালুকা শাখার সদস্য ও এটিএন নিউজের ব্যুরো চিফ আসাদুজ্জামান সুমন, সংগঠক আলী ইউসুফ, চিত্রশিল্পী মো. রাজন, হুযাইফা কম্পিউটারস ও ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ।

এ ছাড়া গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন শাখার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র, সুতিয়া, খিরুসহ দেশের বিভিন্ন নদী দখল, দূষণ, শিল্পবর্জ্য, অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও জরুরি।

বক্তারা নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা নিশ্চিত, নদীর অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বাপা ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলমগীর হোসেন বলেন, ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন সবসময় নদী ও পরিবেশ রক্ষায় সোচ্চার। ময়মনসিংহের ব্রহ্মপুত্র থেকে শুরু করে ভালুকার নদীগুলোও আজ অস্তিত্ব সংকটে। নদী কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি রাষ্ট্রীয় সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।’

তিনি বলেন, নদী রক্ষায় বিদ্যমান আইনগুলোর কঠোর ও কার্যকর প্রয়োগের পাশাপাশি দখল ও দূষণের বিরুদ্ধে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

সমাবেশে নদী রক্ষায় তরুণ প্রজন্মকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের নদ-নদীর প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 127 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন