Advertisement
শনিবার, 17 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-৩

কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-৩
News Banner

জয়পুরহাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩৫ কেজি ৮৭০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর সিজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নসংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তিসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আলিপ হোসেন (২২), একই গ্রামের মো. বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (৫০)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মূর্তিগুলোর কষ্টিপাথরের মান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং এ বিষয়ে সনদও গ্রহণ করা হয়েছে। পরে জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়। এতে দুটির মোট ওজন পাওয়া যায় ১৩৫ কেজি ৮৭০ গ্রাম।

আটক তিনজন এবং উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 89 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 456 টি

মন্তব্য করুন